প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১১:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২৩, ৭:২৬ অপরাহ্ণ
গলাচিপায় রাস্তার পাশের গাছ কেটে নিচ্ছে বনদস্যুরা

ইশরাত মাসুদ,গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী-তালতলী ইউনিয়নের বনদস্যুরা দুটি সড়কের দুই পাশের বিভিন্ন প্রজাতির কয়েক লক্ষ টাকা মূল্যের সরকারি গাছ সাবাড় করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই দুটি সড়কের প্রায় পাঁচ কিলোমিটারের মধ্যে এখন হাতে গোনা কয়েকটি গাছ ছাড়া আর কোনো গাছ নেই। বন বিভাগ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে স্থানীয় একটি স্বমিল থেকে কয়েকটি গাছের খন্ড জব্দ করলেও বনদস্যুদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগে বলা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রতনদী-তালতলী ইউনিয়নের মাটিভাঙ্গা থেকে বদনাতলি এবং বদনতলি থেকে উলানিয়া বাজার পর্যন্ত দীর্ঘ সড়ক দুটির দুই পাশে কয়েক বছর আগেও মেহগনিসহ বিভিন্ন প্রজাতির দৃষ্টিনন্দন বৃক্ষ সম্পদ ছিল। এছাড়া গাববুনিয়া মাদ্রাসার পাশেও প্রচুর গাছ ছিল।
বিভিন্ন সময়ে বনবিভাগ সামাজিক বনায়নসহ বিভিন্ন প্রকল্পের আওতায় এসব বনায়ন করে। বনায়নের প্রায় সকল গাছ বহু আগেই পরিপক্ষ হয়ে উঠেছে। কিন্তু গত তিন-চার বছরে সড়ক দুটি প্রায় বৃক্ষ শূন্য হয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, ওই ইউনিয়নেই পরিপক্ক গাছ উজার করার জন্য একটি বনদস্যুচক্র গড়ে উঠেছে। তাদের সঙ্গে স্থানীয় স্বমিল মালিক ও বন বিভাগের দূর্নিতি বাজদের আতাত গড়ে ওঠে। তারা যৌথভাবে সড়কের দুই পাশের অধিকাংশ গাছ এরইমধ্যে উজার করে দিয়েছে। এই চক্রটি অনেক সময়ে ঝড় বৃষ্টিতে গাছ কাত হয়ে পড়ার সুযোগ নেয়। একটি গাছ কাত হয়ে পড়লে বনদস্যুরা দশটি গাছ কেটে নেয়। অনেক সময় বন বিভাগের কর্মীরা হাতে গোনা দু চারটি গাছের নিলামে উঠিয়ে বৃক্ষ উজার জায়েজ করে নেয়। জানা গেছে, দিনদুপুরে বৃক্ষ সম্পদ উজারে এলাকার বেশ কিছু মানুষ প্রতিবাদী হয়ে উঠেছে। তারাই বুধবার স্থানীয় একটি স্বমিলে চোরাই করা গাছের স্তুুপ উপজেলা প্রশাসনের দৃষ্টিতে আনে এবং প্রশাসনের নির্দেশে বনবিভাগ স্বমিল থেকে কাটা গাছ জব্দ করতে বাধ্য হয়।
স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে বনদস্যুতার সঙ্গে জড়িত সন্দেহে একাধিক যুবকের সঙ্গে যোগাযোগ করা হলে তারা গাছ উজার করা অস্বীকার করে। উল্টো তারা বন কর্মীদেরই দোষারোপ করে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বন বিভাগের স্থানীয় রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, গাছকাটার খবর শোনার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে সরেজমিনে রতনদী-তালতলীর স্থানীয় একটি স্বমিল থেকে বেশ কিছু মেহগনি ও শিশু গাছ কাটা জব্দ করা হয়েছে এবং মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, আমি গাছ কাটার কথা শুনে সাথে সাথে গলাচিপা রেঞ্জ কর্মকর্তাকে অবহিত করেছি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য বলেছি। #
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.