প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১১:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২৩, ৬:৫৬ অপরাহ্ণ
গলাচিপায় গোয়াল ঘরে আগুনে পুড়ে ২ গরুর মৃত্যু, আহত ৩ গরু।

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় গোয়াল ঘরে আগুনে পুড়ে দুটি গাভী গরুর মৃত্যু ও তিনটি গরু আহত হয়েছে। এ সময় গোয়াল ঘরের বেড়ার ফাঁক দিয়ে বাইরে এসে প্রাণে বেঁচে যায় দুই মাসের একটি বাছুর। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার উত্তর চরবিশ্বাস গ্রামে। গরুর মালিক হলেন ওই গ্রামের মালেক বেপারি বাড়ির আব্দুর রহিম।
প্রতক্ষ্যদর্শীরা জানান, গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামের মালেক বেপারী বাড়ির আব্দুর রহিম প্রতি দিনের ন্যায় সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চোরের ভয়ে তার গোয়াল ঘরের ভিতরে গরু রেখে বাইরে থেকে তালা দেয় আর মশা তাড়ানোর জন্য মশার কয়েল জ্বালিয়ে রাখে। রাত ১২টার দিকে পাশের বাড়ির শানু কবিরাজের ছেলে রবিউল (২০) আগুনে পোড়া গন্ধ পেয়ে বাইরে এসে আব্দুর রহিমের গোয়াল ঘরের চালার ওপরে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ডাকচিৎকার করে। তখন এলাকাবাসী আসলেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। গোয়াল ঘরটি সম্পূর্ণ পুড়ে যায় এবং আগুনে দুটি গাভী গরুর মৃত্যু হয় ও তিনটি গরু আহত হয়। আহত গরু তিনটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে স্থানীয়রা ধারনা করছেন।
এ বিষয়ে চরবিশ্বাস ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল মুন্সি বলেন, উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টিকে অবহিত করেছি তবে ভুক্তভোগী পরিবারকে সহায়তা প্রদানের আশ্বাস দেন।
উপজেলা নির্বাহী অফিসার মো.মহিউদ্দিন আল হেলাল বলেন, আগুনে পুড়ে দুটি গরু মারা যাওয়ার খবর পেয়েছি। বিষয়টি খুবই মর্মান্তিক। ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারিভাবে একটি গরু প্রদান করা হবে।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.