রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি;
নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর বয়সী আদিবাসী ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় করা মামলায় প্রতিবেশী ইব্রাহিম (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
আজ (৩ এপ্রিল) বুধবার সকালে অভিযুক্ত আসামি ইব্রাহিমকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার রাতে উপজেলার সদর ইউনিয়নের নলুয়াপাড়া গ্রামের চায়নামোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার হওয়া মো. ইব্রাহিম দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের নলুয়াপাড়া গ্রামের আব্দুল আলীর ছেলে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে প্রতিবেশী ইব্রাহিম ওই ছাত্রীকে বাড়িতে একা পেয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ভূক্তভোগী ছাত্রীর চিৎকার শুনে বাড়ির পাশের খেত থেকে তার মা দৌড়ে বাড়িতে আসলে অভিযুক্ত ইব্রাহিম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় ওইদিন রাতেই ভুক্তভোগী বাবা বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর অভিযুক্ত ইব্রাহিম নলুয়াপাড়া গ্রামে গা ঢাকা দেয়। তবে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ভুক্তভোগী ছাত্রীর বাবা জানান, প্রতিবেশী হওয়ার সুবাদে তাদের বাড়িতে আসা যাওয়া ছিল ইব্রাহিমের। নিজের কাজে তিনি বাহিরে ছিলেন। ঘটনার দিন বিকেলে তার স্ত্রী ছাগল আনার জন্য বাড়ীর পাশের ক্ষেতে যান। সে সময় বাড়িতে মেয়ে একা ছিল। এ সুযোগে প্রতিবেশী ইব্রাহিম বাড়িতে ঢুকে আমার মেয়েকে ধর্ষণের চেষ্টা চালায়।
তিনি আরও বলেন, কাজ থেকে বাড়ি ফিরে আমি মেয়ে ও আমার স্ত্রীর কাছে ঘটনা শুনে এলাকার লোকজনদের ঘটনাটি জানাই এবং পরে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছি। আমি এ জঘন্য ঘটনার সঠিক বিচার চাই।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল আলম জানান, ভুক্তভোগী পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা রেকর্ডভুক্ত করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে অভিযুক্ত ইব্রাহিমকে গ্রেফতার করা হয়েছ। আজ বুধবার সকালে তাকে আদালতে সোর্পদ করা হয়।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম