বামনা উপজেলা প্রতিনিধি
তৃতীয় ধাপে হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রেমালে স্থগিত হওয়া বরগুনার বামনা উপজেলা নির্বাচনে শেষ সময়ে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। উপজেলা পরিষদের চেয়ারম্যানের চেয়ারে বসতে জোর প্রচারণা চালাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান মিজান (আনারস প্রতীক), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইতুল ইসলাম লিটু (ঘোড়া প্রতীক) এবং সৈয়দ মানজুরুর রব মূর্তাযা আহসান মামুন (দোয়াত-কলম প্রতীক)।
উপজেলায় ৪টি ইউনিয়ন রয়েছে। আগামী ৯ জুন এ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সরজমিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, তাপপ্রবাহের মধ্যে অসহ্য গরম উপেক্ষা করে শেষ মুহূর্তে প্রার্থী ও তাদের সমর্থকরা নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নে লিফলেট বিতরণ করে নিজেদের জন্য ভোট চাইছেন প্রার্থীরা। সব প্রার্থী মাসাধিক কাল ধরে আরামকে হারাম করে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। ভোটাররাও আছেন খোশমেজাজে। বামনায় এক ধরনের উৎসব বিরাজ করছে এ নির্বাচনকে ঘিরে।
সব মিলিয়ে বামনা উপজেলা পরিষদের আসন্ন নির্বাচন হয়ে উঠেছে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও জমজমাট। শেষ পর্যন্ত কে চেয়ারম্যান হিসেবে উপজেলা পরিষদে যাবেন তা এখনই বলা যাচ্ছে না। ভোটাররা বিষয়টি নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন। তবে আনারস প্রতীকের মো. মিজানুর রহমান অনেক এগিয়ে আছেন। শেষ সময়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা নানা প্রতিশ্রতি দিয়ে ভোটারদের মন জয় করার আপ্রাণ চেষ্টা করছেন। কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা।প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা প্রতিদিনই গণসংযোগের পাশাপাশি উঠান বৈঠক করছেন।
উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন মো. জাকারিয়া হোসেন মহারাজ (উড়োজাহাজ), আলতাফ হোসেন হাওলাদার (টিয়া পাখি), রাজু জমাদ্দার (মাইক), আল-আমিন হাওলাদার (তালা), ফেরদৌস তালুকদার (টিউবওয়েল), সরোয়ার হোসেন (চশমা) ও আলমগীর হোসেন (বই)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। তারা হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান রুমী খানম (হাঁস), সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার নাজু (কলস) ও মাজেদা খানম ডলি (ফুটবল প্রতীক)।
উপজেলা নির্বাচন অফিস অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে সব প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছে।
প্রতিটি কেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও র্যাবের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হবে। কেন্দ্রগুলোতে থাকবেন আনসার ও ভিডিপি সদস্যরা। ম্যাজিস্ট্রেটদের পাশাপাশি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে কেন্দ্রগুলো পরিদর্শন করবেন।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম