আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় সাংবাদিকেরা।
সোমবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি হয়। ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আল আমিন বিন আমজাদের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু শহীদ।
সমাবেশে বক্তব্য দেন সিটি প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক ফুলবাড়ী বার্তা সম্পাদক তাজমিলুর রহমান নয়ন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি হারুন উর রশিদ, অনলাইন প্রেসক্লাবের সভাপতি ইমাম রেজা, ফুলবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি আজিজুল হক সরকার, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, যুগ্ম সাধারণ সম্পাদক রজব আলী এবং ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু।
বক্তারা অভিযোগ করেন, বিগত ১৬ বছরের স্বৈরাচারী শাসনামলে অন্তত ৩০ সাংবাদিককে হত্যা করা হয়েছে, শত শত সাংবাদিক হয়রানি ও মামলার শিকার হয়েছেন। জুলাই গণ–অভ্যুত্থানে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন ছয় সাংবাদিক। তবুও সাংবাদিক হত্যার বিচার এগোয়নি। এমনকি সাংবাদিক দম্পতি সাগর–রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১১৯ বার পেছানো হয়েছে, যা এখনো আদালতে জমা দেওয়া হয়নি।
তাঁরা আরও বলেন, সাম্প্রতিক গাজীপুরে দিনের আলোয় সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা প্রমাণ করেছে দেশে কেউ নিরাপদ নয়। এর দায় সরকার এড়াতে পারে না। এ হত্যাকাণ্ডের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়ন এবং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।
মানববন্ধনে ফুলবাড়ী প্রেসক্লাব, থানা প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, সিটি প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাবসহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা অংশ নেন।##
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম