
উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড় সদর উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা থেকে বিএসএফের গুলিতে নুর ইসলাম (২৭) নামের এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া বিওপি সীমান্তের মেইন পিলার ৭৫২ এর ২ নম্বর সাব পিলারের ১০০ গজ অভ্যন্তরে মোমিনপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।
পরে একটি চা বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত নুর ইসলামের বাড়ি বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের বকশিগঞ্জ এলাকায়। তার বাবার নাম আব্দুল জব্বার। নুর ইসলাম সীমান্তে চোরাকারবারি করতেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায় , গভীর রাতে গুলির আওয়াজ পায় স্থানীয়রা। সকালের দিকে একটি মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে মৃত ব্যক্তি চোরাকারবারি। তিনি অবৈধপথে গরু পারাপার করতেন। বিএসএফের গুলিতে তার মৃত্যু হতে পারে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া বলেন, বাংলাদেশের ঘাগড়া ও ভারতের বেরুবাড়ি সীমান্তের বাংলাদেশের অংশ থেকে একটি মরদেহ উদ্ধার হয়েছে। প্রাথমিক সুরতহালে লাশের চোখের নিচে গুলির চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে কথা বলতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল আসাদুজ্জামান হাকিমকে একাধিকবার চেষ্টা করেও মুঠোফোনে পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক বিজিবির এক উর্ধ্বতন কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে জেনেছি বুধবার রাতে ঘাগড়া সীমান্ত এলাকা দিয়ে কয়েকজন চোরাকারবারি গরু পারাপারের উদ্দেশ্যে ভারতে প্রবেশ করে। এ সময় টহলরত বিএসএফ সদস্যকে তারা আক্রমণ করে। এক পর্যায়ে বিএসএফ গুলি চালালে একজনের মৃত্যু হয়। এ নিয়ে পতাকা বৈঠক চলছে।