
রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি;
নেত্রকোনায় চালের বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে চালের মিল ও বাজার মনিটরিং শুরু করেছে জেলা প্রশাসন।
নিয়মের ভিতরে থেকে চাল মজুদ, মূল্য নির্ধারণ ও মান নিয়ন্ত্রণ নিশ্চিত করতে বিশেষ জোর দিচ্ছে প্রশাসন। জেলা প্রশাসক শাহেদ পারভেজ এর নেতৃত্বে জেলা সদরের মজুমদার অটো রাইস মিল সহ বিভিন্ন মিল পরিদর্শন করা হয়।
চালের মিল ও বাজার পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আশিক নূর, অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ, জেলা খাদ্য কর্মকর্তা মোঃ মুয়েতাছুর রহমান, জেলা চালকল মালিক সমিতির সভাপতি এইচ আর খান পাঠান সাখী, সাধারণ সম্পাদক উজ্জ্বল সাহা প্রমূখ।
জেলা চালকল মালিক সমিতির সভাপতি এইচ আর খান পাঠান সাখী জেলা প্রশাসন কতৃক মিল পরিদর্শনকে স্বাগত জানিয়ে বলেন, শুধু চালের বাজার মনিটরিং করলেই চলবে না, সাথে ধানের বাজারও মনিটরিং করতে হবে।
তিনি আরও বলেন, ধানের বাজার দর না কমলে চালের বাজার নিয়ন্ত্রণ করা কঠিন। মজুদ, মূল্য নির্ধারণ ও মান নিয়ন্ত্রণে মিল মালিকরা সতর্ক রয়েছে। অবৈধ মজুদারদের খোঁজে বের করার আহ্বান জানান তিনি।
পরিদর্শকালে জেলা প্রশাসক শাহেদ পারভেজ জানান, বাজার স্থিতিশীল রাখতে নিয়মের ভিতরে থেকে মজুদ, মূল্য নির্ধারণ ও মান নিয়ন্ত্রণ নিশ্চিত করতে জেলা প্রশাসনের মনিটরিং অব্যাহত থাকবে এবং এ ব্যাপারে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।