
রিপন কান্তি গুণ, সিনিয়র নেত্রকোনা জেলা প্রতিনিধি;
নেত্রকোনায় জেলা গণগ্রন্থাগারের উদ্যোগে জেলা সাধারণ গ্রন্থাগার প্রাঙ্গণে বকুলতলায় সপ্তাহব্যাপী বইমেলা শুরু হয়েছে।
পৌর শহরের মোক্তারপাড়া এলাকায় জেলা গণগ্রন্থাগারের উদ্যোগে সাধারণ গ্রন্থাগার প্রাঙ্গণে শুক্রবার সন্ধ্যায় বই মেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান।
উদ্বোধন শেষে জেলা গণগ্রন্থাগারের উদ্যোগে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামানে’র সভাপতিত্বে ও জেলা গণগ্রন্থাগারের পরিচালনা কমিটির সদস্য চিন্ময় তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মতীন্দ্র সরকার, বীর মুক্তিযোদ্ধা প্রাবন্ধিক হায়দার জাহান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবু আক্কাস আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শামছুর রহমান, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য হাবিবা রহমান খান, পৌর আওয়ামী লীগের সভাপতি অর্পিতা খানম, গণ গ্রন্থাগারের সহ-সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মারুফ হাসান খান, নেত্রকোনা পুস্তক বিক্রেতা সমিতির সভাপতি উৎপল ভট্টাচার্য প্রমুখ।
মেলা উদযাপন কমিটির সদস্য সচিব ও জেলা গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক মারুফ হাসান খান জানান, গ্রন্থাগার পরিচালনা কমিটি ২০২২ সাল থেকে গণগ্রন্থাগার প্রাঙ্গণে জেলা প্রশাসনের সহযোগিতায় সপ্তাহব্যাপী বইমেলার আয়োজন করে আসছে। এবার মেলায় ১৮টি স্টল বসেছে। এর মধ্যে ভ্যারাস্টিস স্টোর, রূপক লাইব্রেরি, হাসেমিয়া লাইব্রেরি, নূর লাইব্রেরি, শতাব্দি বইঘর, নেত্রকোনার গ্রন্থ পরিচয়ের পাশাপাশি প্রকাশনা সংস্থা কথা প্রকাশ, ইকরিমিক্রি, শিশু একাডেমি, মাতৃভূমি, বারোমাসি, প্রথমা প্রকাশন রয়েছে। প্রথম আলো বন্ধুসভার নেত্রকোনা কমিটির সদস্যরা প্রথমা প্রকাশনের বই বিক্রিতে সহযোগিতা করছেন।
মেলার আয়োজকরা জানান, এবারের মেলায় জাতীয় ও স্থানীয় পর্যায়ের ২৫টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। মেলায় স্থানীয় বেশ কিছু বই বিক্রেতা প্রতিষ্ঠানের স্টল রয়েছে। এছাড়াও স্থানীয় লেখকদের নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হবে। মেলায় সাত দিন ধরে একুশে পরিষদের আয়োজনে শিশু-কিশোরদের অংশগ্রহণে সাধারণ জ্ঞান, কুইজ প্রতিযোগিতা, সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন, আবৃত্তি ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা প্রাঙ্গণের অস্থায়ী মঞ্চে জেলার স্থানীয় সাংস্কৃতিক সংগঠন গুলোর শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে। প্রতিদিন এ মেলা হবে স্থানীয় লেখক, গবেষক ও সংস্কৃতিকর্মীদের মিলনমেলা।
তারা আরও জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০ পযন্ত মেলা চলবে। এছাড়া বইমেলার মঞ্চে প্রতিদিন সন্ধ্যায় আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।