
রিপন কান্তি গুণ, সিনিয়র নেত্রকোনা জেলা প্রতিনিধি;
নেত্রকোনা সদর এবং বারহাট্টা উপজেলায় পৃথক অভিযানে ৪০ পিস ইয়াবা ও ২৩ বোতল আমদানিকৃত নিষিদ্ধভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
সদর উপজেলার ফচিকা গ্রাম ও বারহাট্টা উপজেলার দশধার ব্রিজের কাছ থেকে সোমবার বিকালে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামি শরিফুল ময়মসিংহ জেলার গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের কড়েহা গ্রামের মৃত তোফায়েল হোসেনের ছেলে এবং সোহেল মিয়া কলমাকান্দা উপজেলার বটতলা গ্রামের আজমান মিয়ার ছেলে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম (পিপিএম) ও বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম পৃথক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।
নেত্রকোনা মডেল থানার ওসি আবুল কালাম জানান, থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সামায়ুন কবিরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স জেলা সদরের ফচিকা গ্রাম থেকে ৪০ পিস ইয়াবাসহ শরিফুলকে গ্রেফতার করেন।
অপরদিকে বারহাট্টা থানার ওসি রফিকুল ইসলাম জানান, থানার উপ-পরিদর্শক (এসআই) সজিব কুমার দাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নেত্রকোনা-কলমাকান্দা সড়কের দশধার ব্রিজে আমদানিকৃত নিষিদ্ধ ভারতীয় ২৩ বোতল ফেন্সিডিলসহ মাদক বিক্রেতা সোহেলকে গ্রেফতার করেন।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফর রহমান জানান, গ্রেফতাকৃত শরিফুল ও সোহেল’র বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।