
সালেহ আহমদ (স’লিপক):
মৌলভীবাজার জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৪ উপলক্ষ্যে আগামী ১লা জুন থেকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে ২ লাখ ১২ হাজার ৬শ ৪৮ শিশুকে। এর মধ্যে ৬ থেকে ১১ মাসের শিশু ২৭ হাজার ৯শ ৫৪ জন এবং ১২ থেকে ৫৯ মাসের শিশু ২ লাখ ৫১ হাজার ৮শ ১৭ জন।
মঙ্গলবার (২৮ মে) দুপুরে মৌলভীবাজার সিভিল সার্জন অফিসের ইপিআই ভবনের হল রুমে ডাঃ বর্ণালী দাস এর সভাপতিত্বে জেলা শহরে কর্মরত সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন সভায় ভিটামিন এ এর প্রয়োজনীয়তা, গুরুত্ব ও উৎস নিয়ে বিস্তারিত আলোচনা করেন মেডিকেল অফিসার ডাঃ রাবিউস সানি।
এসময় মেডিকেল অফিসার মুরাদ আলম ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ডাঃ বর্ণালী দাস বলেন, আমি প্রত্যাশা করি সকলের সহযোগীতায় জেলার সকল শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আওতায় আসবে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলার মোট জনসংখ্যা ২১ লাখ ২০হাজার ৬শ ৪৮ জন। জেলার ৭ উপজেলার ৬৭টি ইউনিয়ন ও ৩টি পৌরসভায় মোট ১৬৮৮টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
জেলায় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর দায়িত্ব পালন করবেন ৭শ ৩০ জন সুপারভাইজার ও ৪ হাজার ৯৮ জন স্বেচ্ছাসেবক। ওরিয়েন্টেশনে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।