
সাকিব হোসেইন, তিতাস (কুমিল্লা) সংবাদদাতা: কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা করে কুমিল্লার দাউদকান্দিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। মিছিলে তুমি কে আমি কে রাজাকার রাজাকার। কে বলেছে, কে বলেছে স্বৈরাচার,স্বৈরাচার এবং ভূয়া,ভূয়া বলে স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারী শিক্ষার্থীদের।
শুক্রবার (২ আগস্ট) দাউদকান্দি মডেল মসজিদে জুমার নামাজ শেষে মিছিল শুরু করেন তারা। মিছিলটি বিশ্বরোড থেকে টোলপ্লাজার দিকে যেতে থাকে। পরে বলদাখাল ইউটার্নে পৌঁছালে মিছিলটি আটকে দেয় পুলিশ। বাধার মুখে পড়ে মিছিলটি আবার বিশ্বরোড আসলে ছাত্রলীগের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয় এবং কিছুটা হাতাহাতির ঘটনাও দেখা যায়। পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা মডেল মসজিদের সামনে ঈদগা মাঠে অবস্থান নেন। জানা যায়, সবশেষ দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম, সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউর রহমান, সহকারী পুলিশ সুপার এনায়েত কবির সোয়েব, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হকসহ পৌর মেয়র নাইম ইউসুফ সেইন এবং জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিএস সুমন সরকার আন্দোলনকারী শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে তাদের শান্ত করেন। পরে পুলিশ পাহাড়ায় দূরের শিক্ষার্থীদের দুটি বাসে করে গন্তব্যে পৌঁছে দেয়া হয়। এছাড়াও বিক্ষোভ মিছিল ও শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে মহাসড়কের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন এর কথা জানা গেছে।