হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের ডাকা দেশ ব্যাপী সর্বাত্মক অসহযোগ আন্দোলন এর প্রথম দিনে জগন্নাথপুর থেকে দূরপাল্লার যানবাহন চলাচল করেনি। তবে আভ্যন্তরীন সড়ক গুলোতে ছোট ছোট যানবাহন চলাচল করেছে। যদিও যাত্রী সাধারণ কম ছিলেন। তাছাড়া জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৪ ই আগষ্ট রোজ রবিবার অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের ডাকা প্রথম দিনের ” সর্বাত্মক অসহযোগ আন্দোলন” কর্মসূচি চলাকালে সুনামগঞ্জের পাগলা – জগন্নাথপুর – আঞ্চলিক মহাসড়ক ও জগন্নাথপুর – বিশ্বনাথ – রশীদপুর – সিলেট সড়ক দিয়ে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করেনি। তবে জগন্নাথপুর উপজেলার আভ্যন্তরীন সড়ক গুলোতে ছোট ছোট যানবাহন অর্থাৎ সিএনজি, অটোরিক্সা, অটো-টেম্পো ও লেগুনা মাঝে মধ্যে চলাচল করেছে। যদিও অসহযোগ আনদোলন এর আতংকে আতংকিত যাত্রী সাধারণ যানবাহনে একেবারেই কম ছিলেন। এমনকি হাটবাজারে জনসাধারণের চলাচল অন্যান্য সময়ের তুলনায় অনেক কম ছিল। তাছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের ডাকা অসহযোগ আন্দোলন এর প্রতিবাদে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এর আয়োজনে একটি বিক্ষোভ মিছিল জগন্নাথপুর উপজেলা সদরস্থ আওয়ামী লীগের কার্যালয় থেকে বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর পয়েন্টে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করে। জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দিনভর বিভিন্ন পয়েন্টে ও সড়কে টহল দিয়েছেন। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।