আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা ধর্মীয় আয়োজনে জন্মাষ্টমী পালন করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে পৌর শহরের শ্রীশ্রী শিবমন্দির প্রাঙ্গণ থেকে জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে শোভাযাত্রাটি বের হয়।
শত শত সনাতনী ধর্মাবলম্বীর অংশগ্রহণে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও শিবমন্দিরে গিয়ে শেষ হয়। ঢাক-ঢোল, করতাল আর হরিনাম সংকীর্তনের ধ্বনিতে পুরো শহর মুখরিত হয়ে ওঠে। শোভাযাত্রায় শ্রীকৃষ্ণ ও রাধার লীলাময় বাল্যরূপে সজ্জিত ভক্তদের উপস্থিতি উৎসবে বাড়তি মাত্রা যোগ করে।
আয়োজনে উপস্থিত ছিলেন শ্রীশ্রী শিবমন্দির কমিটির সভাপতি ও জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি মনোজ কুমার মল্লিক, কোষাধ্যক্ষ উজ্জ্বল গুপ্ত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা কমিটির সদস্য ও জন্মাষ্টমী উদযাপন পরিষদের সদস্য সচিব আনন্দ কুমার গুপ্ত, ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির সদস্য সচিব মানিক মণ্ডল, শ্রীশ্রী শ্যামাকালী মন্দির কমিটির সাংগঠনিক সম্পাদক সম্ভু প্রসাদ গুপ্ত, ব্রাহ্মণ সংগঠনের উপজেলা সভাপতি শিবায়ন চক্রবর্তী, শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক রতন চক্রবর্তী ও সহসভাপতি সাবেক সহকারী অধ্যাপক ধীরেন্দ্রনাথ সরকারসহ স্থানীয় বিভিন্ন মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা সকল ভেদাভেদ ভুলে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন দৃঢ় করার আহ্বান জানান। তারা বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই শান্তি ও সৌহার্দ্যের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
প্রসঙ্গত, ধর্ম প্রতিষ্ঠা ও অধর্মের নাশের জন্য ভগবান শ্রীকৃষ্ণ ৫ হাজার ২৫১ বছর আগে এই ধরাধামে অবতীর্ণ হন বলে বিশ্বাস করা হয়।##