মো. মাসুদ পারভেজ
বামনা (বরগুনা) প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদায় বরগুনার বামনা উপজেলার হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজে পবিত্র সিরাতুন্নবী (সাঃ) পালন করা হয়েছে।
সিরাতুন্নবী হলো রাসুল (সা.) এর সম্পূর্ণ জীবনীর আলোচনা, যা তাঁর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে, ঈদে মিলাদুন্নবী (সা.) হলো রাসুল (সা.)-এর জন্মকে স্মরণ করে আনন্দ উদযাপন করা, যেখানে তাঁর জন্মের ঘটনা ও প্রাসঙ্গিক আলোচনা করা হয়। সহজভাবে, সিরাতুন্নবী হলো নবীজির জীবনীর পুঙ্খানুপুঙ্খ বিবরণ, আর ঈদে মিলাদুন্নবী হলো এই জীবনের একটি বিশেষ দিক (জন্ম) উপলক্ষ্যে আনন্দ প্রকাশ ও নবীপ্রেমের উদযাপন।
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস ২০২৫ উপলক্ষে সোমবার ২২ সেপ্টেম্বর সকালে ডৌয়াতলা কলেজ অডিটোরিয়ামে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে, উপাধ্যক্ষ মিলন কৃষ্ণ হালদারসহ শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বামনা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাজিব হোসেন (রাজু)।
আলোচনা সভায় বক্তারা বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের নানা দিক তুলে ধরে বলেন, তিনি মানবতার শ্রেষ্ঠ মহামানব হিসেবে পৃথিবীতে শান্তি, ভ্রাতৃত্ব, ন্যায়বিচার ও সমতার শিক্ষা দিয়েছেন। নবীর আদর্শ অনুসরণ করলেই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
তরুণ প্রজন্মের মাঝে নবী করিম (সা.)-এর শিক্ষা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করে বক্তারা ইসলামের প্রকৃত মর্মবাণী—সহনশীলতা, মানবপ্রেম ও ভ্রাতৃত্ববোধ—অবলম্বনের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে মহানবী (সা.)-এর সম্মান, মুসলিম উম্মাহর ঐক্য ও বিশ্বশান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।