
রিপন কান্তি গুণ, সিনিয়র নেত্রকোনা জেলা প্রতিনিধি;
নেত্রকোনার মদনে পল্লী বিদ্যুতের খুঁট বহনকারী হেনটলি গাড়ির ধাক্কায় লাকী আক্তার (২২) নামের এক কলেজ ছাত্রী নিহত হয়েছে।
আজ (১৮ ফেব্রুয়ারি) রবিবার সকালে উপজেলা গোবিন্দশ্রী সুজন বাজারের পাশে এ দূর্ঘটনা ঘটে।
দূর্ঘটনায় নিহত লাকি আক্তার উপজেলা গোবিন্দশ্রী ইউনিয়নের বারগুরিয়া গ্রামের আব্দুল হাই তালুকদারের মেয়ে। সে আব্দুল আজিজ খান সরকারি ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, লাকি আক্তারসহ তিন বান্ধবী সকাল ৯ টার দিকে উপজেলা গোবিন্দশ্রী সুজন বাজারের পাশে কলেজে যাওয়ার উদ্দেশ্যে অটো রিক্সার জন্য বাজারের পাশে অপেক্ষা করছিল। এমন সময় মদন থেকে ছেড়ে আসা পল্লী বিদ্যুতের খুটি বহনকারী হেনটলি গাড়ির চাকা কলেজ ছাত্রীর উপর দিয়ে চলে যায়। এতে লাকি আক্তার গুরুতর আহত হয়। পরে তার সঙ্গে থাকা বান্ধবী ও স্বজনেরা তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কান্তি সরকার জানান, মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার প্রেক্ষিতে আইনি প্রক্রিয়ায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।