
উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:
দেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের লক্ষ্যে অবিরাম সংগ্রাম করছেন নারী শিক্ষার্থীরাও । তাই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা করার দাবী জানালেন বিএনপি’র নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির । তিনি বলেন , স্বৈরাচারী হাসিনা সরকারবিরোধী আন্দোলনে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ আমাদের অভিভূত করেছে। তারা ছাত্র আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন, রাস্তায় নেমে কাজ করেছেন, এবং দেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের লক্ষ্যে অবিরাম সংগ্রাম করছেন।
শুক্রবার ( ৩০ আগস্ট) বিকেলে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় নাওয়াপাড়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন রঞ্জুর সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা হামিদুল হাসান লাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীনসহ যুবদল, ছাত্রদল, মহিলা দল, তাতীদল, জাসাস এবং অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সভাটি সাধারণ মানুষের সমাগমে যেন জনসমুদ্রে পরিণত হয়।
নওশাদ জমির আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই মেধাবী নেতাকে উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি দাবি করেন যে, এই আন্দোলনে সংশ্লিষ্ট নারী শিক্ষার্থীদেরও অন্তর্ভুক্ত করা উচিত, যা অন্তর্বর্তীকালীন সরকারকে আরও গতিশীল করে তুলবে।
তিনি আরও বলেন, বিএনপি এখনো সরকার গঠন করেনি, কিন্তু চাঁদাবাজির অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। দেশের সাধারণ মানুষকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপির কোনো নেতা-কর্মী যদি চাঁদাবাজি, দখল, বা জুলুমের সাথে জড়িয়ে পড়ে, তাহলে তাদের দল থেকে বহিষ্কার করা হবে।