বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলায় যুবলীগ নেতা মো. আল আমিন হাওলাদারের বিরুদ্ধে জমি দখল করে ভবন নির্মাণের ঘটনায় তাঁর বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ করেছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
আজ ১ অক্টোবর মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলার ডৌয়াতলায় জমির সামনে অনুষ্ঠিত মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ভুক্তভোগী মনোয়ারা বেগম, কালাম সরদার ও ইলিয়াস মিয়া। বক্তৃতায় ইলিয়াস মিয়া বলেন, আমার জমি জোরপূর্বক দখল করেছে সে। কোন শালিশী ব্যবস্থা মানে না উল্টো আমার নামে চাঁদাবাজি মামলার হুমকি দিয়েছে।
কালাম সরদার বলেন, আমার পৈতৃক সম্পত্তি হিসেবে ৪ শতাংশ জমি পাই। কিন্তু তা জোরপূর্বক দখল করে রেখেছে আল আমিন। মনোয়ার বেগম বলেন, জোরপূর্বক আমার জমিতে ভবন নির্মাণ করা হচ্ছে।
সভায় বক্তারা আরও বলেন, আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে যুবলীগ নেতা জমি দখল করে রেখেছে। তারা তাঁদের জমি দখলমুক্ত করতে প্রশাসনের সহায়তা কামনা করছেন।
এ ব্যাপারে আল আমিন হাওলাদার মুঠোফোনে জানায়, তাঁর বিরুদ্ধে যে জমি দখলের অভিযোগ করা হচ্ছে তা মিথ্যা। তবে তারা যে জমি দাবি করছে তার যদি সঠিক কাগজ দেখাতে পারে আমি জায়গা ছেড়ে দেব।’