
বামনা উপজেলা প্রতিনিধি
বরগুনা জেলার বামনা উপজেলায় ‘জুলাই পুনর্জাগরণ-২০২৫’ উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনী বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করেছে।
আজ ২৮ জুলাই সোমবার সকাল ১০টায় খুলনা নৌ-অঞ্চলের তত্বাবধানে নৌবাহিনী খুলনা হাসপাতালের সার্জন লে. কমান্ডার ডা. স্বপ্নিল কুমার রায় (বিএন) এর নেতৃত্বে বামনা আসমাতুন্নেসা পাইলট বালিকা বিদ্যালয়ের হলরুমে দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হয়।
বাংলাদেশ নৌবাহিনীর অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক দল এ ক্যাম্পেইনে বামনার বিভিন্ন এলাকা থেকে আগত কয়েকশ নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধ সরবরাহ করেন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই অঞ্চলের চিকিৎসা সুবিধা সীমিত হওয়ায় এমন একটি উদ্যোগ তাদের জন্য অনেক বড় সহায়তা হিসেবে এসেছে। তারা বলেন, ‘নৌবাহিনীর এমন মানবিক উদ্যোগ আমাদের জীবনে আশার আলো দেখায়। আমরা কৃতজ্ঞ।’
উলেখ্য, দুর্গম দ্বীপাঞ্চলসহ দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় নিয়মিতভাবে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষে বাংলাদেশ নৌবাহিনী দীর্ঘদিন ধরে এ ধরনের মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও নৌবাহিনীর এই মানবিক ও সেবামূলক কার্যক্রম চলমান থাকবে বলে নৌবাহিনীর চিকিৎসকরা জানিয়েছেন