
মো. মাসুদ পারভেজ
বামনা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটা উপজেলায় নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। এ অভিযানে মোট ১ হাজার ৯শত প্যাকেট বিদেশী সিগারেট উদ্ধার করা হয়েছে। এ সময় আটক করা হয়েছে দুইজনকে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ সোমবার (৪ আগষ্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটার দায়িত্বে থাকা নৌবাহিনীর লেঃ কমান্ডার মোঃ আব্দুর রহমান (ট্যাজ) বিএন, (পি নং ২৭৭৭) এর নেতৃত্বে, উপজেলা নির্বাহী করমর্কতা এম মিজানুর রহমানের উপস্থিততে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাথরঘাটা উপজেলার কাঠালতলি গ্রামের নাছির হাওলাদারের ছেলে মোঃ ইসমাইল হোসেন (২৮) ও একই গ্রামের মো. সিদ্দিকুর রহমানের ছেলে মো. হাসানকে (৩৫) আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা নৌবাহিনীর একটি দল এবং পাথরঘাটা থানা পুলিশের একটি টহল দল পাথরঘাটার তালতলা বাজার সংলগ্ন সাজিদ ট্রেডার্স নামের একটি ভবনের নিচ তলার বিভিন্ন কক্ষে অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমান কিংস সিগারেট উদ্ধার করা হয়। আটক হয় দুজন এবং পরে তাদের ভ্রাম্যমান আদালতে শাস্তি প্রদান করা হয়।
উভয় অভিযানে জব্দকৃত মোট ১ হাজার ৯শত প্যাকেট সিগারেট পাথরগাটা উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে নৌবাহিনী ও উপজেলা প্রশাসনের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
নৌবাহিনীর দায়িত্বে থাকা কমান্ডার জানান, অবৈধ পণ্য পাচার ও বিক্রির বিরুদ্ধে নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ ধরনের পণ্য দেশের রাজস্ব ক্ষতির পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক ক্ষতিকর। তাই কোনো ছাড় দেওয়া হবে না।
পাথরঘাটা উপজেলা প্রশাসন ও নৌবাহিনী ক্যাম্প সূত্রে জানা যায়, অবৈধ পণ্য সংরক্ষণ ও বিক্রির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।